হাতিয়ায় সারের ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় সারের ডিলারশিপ বরাদ্দে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা।
কৃষকদের অভিযোগ, ১ নং হরনী ইউনিয়নে 'জায়ান ট্রেডার্স'-এর প্রোপাইটর ফজলে রাব্বি শামিম কৃষি-সংক্রান্ত অভিজ্ঞতা ছাড়াই সারের ডিলারশিপ পেয়েছেন। তিনি পেশায় দন্ত চিকিৎসক। স্থানীয় কৃষক মো. নূরুল আমীন দাবি করেন, সারের কারবারে তাঁর পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। জাল কাগজপত্র দেখিয়ে টাকার বিনিময়ে এই ডিলারশিপ নেওয়া হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
কৃষকদের আশঙ্কা, অভিজ্ঞতার অভাবে সময়মতো ও ন্যায্য মূল্যে সার পাওয়া কঠিন হতে পারে। তাঁরা ডিলারশিপ বাতিল ও আইনগত ব্যবস্থার দাবি করেছেন।
স্থানীয়দের একাংশ তমরুদ্দী ইউনিয়নের একজন ডিলারের বিষয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, ওই ডিলারের ছেলে সরকারি কৃষি কর্মকর্তা, ফলে স্বার্থের সংঘাতের প্রশ্ন আছে।
নিঝুমদ্বীপসহ আরও কয়েকটি ইউনিয়নেও অর্থের বিনিময়ে ডিলারশিপ বণ্টনের অভিযোগ শোনা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে হাতিয়া উপজেলা প্রধান কৃষি কর্মকর্তা আব্দুল বাতেন সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে চাননি।