দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাঁদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কেউ ছিলেন না।


ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই ইতিমধ্যে ‘শতাব্দীর সেরা বিয়ে’ বলে আখ্যা দিতে শুরু করেছেন। এই মেগা ইভেন্টে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো বিশ্বখ্যাত তারকারা। তারকা অতিথিদের গোপনীয়তা বজায় রাখতে ভেন্যুর চারপাশে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। ব্যবহার করা হয়েছিল কালো রঙের বিলাসবহুল এসইউভি গাড়ি ও বিশাল বিশাল তাঁবু। আর সবচেয়ে বেশি নজর কেড়েছে ভেন্যুর বাইরে বড় পর্দায় ভেসে ওঠা একটি বিশেষ বার্তা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় প্রদর্শন করা হয় ‘জাস্ট অ্যান্ড টি ম্যারিড’ (JUST&T MARRIED!) লেখাটি।


বিয়ের জমকালো এই আয়োজনের নানা অনুষঙ্গ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের কোনো যুগল ছবি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। তবে সুইফটের মুখপাত্র জানিয়েছেন, বিয়ের বিশেষ এই দিনে তাঁরা দুজনেই পরেছিলেন বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন হাউস ‘ক্রিশ্চিয়ান ডিওর’এর কাস্টমাইজড পোশাক। পোশাকগুলোর নকশা তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাঁদের জুতো জোড়া ছিল বিখ্যাত ডিজাইনার ‘ক্রিশ্চিয়ান লুবোটিন’ এর তৈরি এবং সুইফট অলংকার হিসেবে পরেছিলেন রাজকীয় ‘কার্টিয়ার’ ব্র্যান্ডের গহনা।


আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। বিয়ের দিন নিউইয়র্কের তাপমাত্রা ছিল প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট)। তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখার আশায় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়।


২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে গত বছরের আগস্টে ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ঐতিহাসিক ও ব্যয়বহুল ভেন্যু ভাড়া করতে এই দম্পতির কয়েক কোটি ডলার খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল মানবতার সেবায় বড় অবদান রেখেছেন। তাঁরা যৌথভাবে ২০টিরও বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি) দান করেছেন।