বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
ছবি : বাংলা সংযোগ
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময়ে ব্যক্তিগত মতামত ও জীবনযাপন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এবার তিনি আলোচনায় এলেন নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিশা সরাসরি জানালেন, নিজ দেশে নিজেকে মোটেও নিরাপদ মনে করেন না তিনি।
নারীদের নিরাপত্তা ইস্যুকে বর্তমান সময়ের সবচেয়ে জরুরি বিষয় উল্লেখ করে তিশা বলেন, ‘সত্যি বলতে, বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশের অনেক জায়গায় নিরাপত্তার বড় ধরনের ঘাটতি রয়েছে। আমরা মেয়েরা প্রতিনিয়ত এমন অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হই, যা আমাদের প্রাপ্য নয়। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো চরম অন্যায়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টিকে রাষ্ট্রের আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতেই নারীদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সাধারণত শখের বশে নারীরা গহনা পরেন। কিন্তু তিশার মন্তব্য থেকে স্পষ্ট, পরিস্থিতির চাপে পড়ে এখন গহনা পরে চলাফেরা করাও দায় হয়ে দাঁড়িয়েছে। গহনা ব্যাগে লুকিয়ে বহন করার চেয়ে তা পরে স্বাভাবিকভাবে চলাফেরা করাটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতাও এখন হুমকির মুখে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘সোনার গয়না ব্যাগে রেখে ঘোরার তো প্রয়োজন নেই, সেটি পরেই ঘোরা যায়। কিন্তু সেই পরিবেশটা কি আমরা পাচ্ছি?’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার সুর মিলিয়ে বর্তমান সময়ে নারীদের চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ব্যক্তিগত জীবনের এই অস্থিরতার বিপরীতে তিশার পেশাগত জীবন বেশ উজ্জ্বল। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নিজের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’ নিয়ে। এই ছবিতে প্রথমবার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ রয়েছে।
দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করে আসা তিশা এখন বড় পর্দায় নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন। তবে কর্মজীবনের এই সাফল্যের মাঝেও ব্যক্তিগত নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে তার এই বলিষ্ঠ কণ্ঠস্বর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।