বিজ্ঞাপন
বিনোদন

সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির

বাংলা সংযোগ ডেস্ক

Published :
সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন পরীমনির

ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন মানেই জমকালো পার্টি, ঝলমলে আলো আর তারার মেলা। প্রতিবছর দেশের পাঁচতারা হোটেল বা দেশের বাইরের কোনো বিলাসবহুল আয়োজনে দিনটি উদ্‌যাপন করে খবরের শিরোনাম হন তিনি। তবে এবার চেনা সেই ছকে হাঁটলেন না নায়িকা। এবারের জন্মদিনের শুরুটা হলো একেবারেই সাদামাটা, ঘরোয়া ও আবেগময় পরিবেশে নিজের দুই সন্তানকে নিয়ে।

আজ শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। বিশেষ এই দিনের প্রথম প্রহরটি তিনি উদ্‌যাপন করেছেন ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে সঙ্গে নিয়ে। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী করেছেন পরীমনি নিজেই।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, আনন্দঘন পরিবেশে দুই সন্তানকে নিয়ে কেক কাটছেন নায়িকা। তাঁর পরনে লাল রঙের একটি খোলা গাউন। সামনে রাখা জন্মদিনের কেকে জ্বলছে মোমবাতি। কেক কাটার সময় ছেলে ও মেয়ে দুজনেই মাকে পরম আদরে চুম্বনে ভরিয়ে দিচ্ছে। এ সময় নায়িকার মুখেও লেগে ছিল তৃপ্তির হাসি।

ব্যক্তিজীবনের নানা চড়াই-উতরাই আর ঝড়ঝাপটা পেরিয়ে দুই সন্তানকে ঘিরেই যে এখন পরীমনির গোটা পৃথিবী, ভিডিওর স্নিগ্ধ মুহূর্তগুলো যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছিল।

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের হৃদয় ও ফুলের ইমোজি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় তারকাকে।

বিগত বছরগুলোতে ঢাকার বিলাসবহুল হোটেলে নির্দিষ্ট থিম মেনে বন্ধুদের নিয়ে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন পালন করতে দেখা গেছে পরীমনিকে। কখনো তিনি সেজেছেন ডানাকাটা পরী, কখনোবা ময়ূর। তবে এবার সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় ঘরোয়া পরিবেশে জন্মদিনের এই সূচনা নতুন এক পরীমনিকেই সবার সামনে নিয়ে এল।