বিজ্ঞাপন
বিনোদন

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ বিচ্ছেদের পথে প্রীতম-শাহতাজ

ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম তাঁদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১০ বছরের পরিচয় ও সম্পর্কের পর চার বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টানছেন এই তারকা দম্পতি।

রোববার রাতে প্রীতম ও শাহতাজ তাঁদের নিজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে তাঁরা জানান, হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে আলোচনার পরই তাঁরা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন। উভয় পরিবারের সমর্থন ও সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।

যৌথ বার্তায় প্রীতম ও শাহতাজ লিখেছেন, ‘আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে।’

জীবনের এই কঠিন সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে প্রীতম ও শাহতাজের পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রণয় এবং দীর্ঘ কয়েক বছরের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।

প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম হাসান সংগীত ও অভিনয়ে সমানতালে জনপ্রিয়। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’, ‘দুষ্টু কোকিল’-এর মতো দর্শকপ্রিয় গানের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। অন্যদিকে, ধ্রুব গুহর মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া শাহতাজও ছোট পর্দার অভিনয়ে নিজের জায়গা করে নিয়েছেন।

লামিয়া তমা/ বাংলা সংযোগ