প্যারিস ফ্যাশন উইক মাতাতে ফ্রান্স যাচ্ছেন ঐশ্বরিয়া রাই
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আবারও নিজের উজ্জ্বল উপস্থিতি জানান দিতে প্রস্তুত বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। প্যারিস ফ্যাশন উইকের বহুল আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে র্যাম্পে হাঁটতে দেখা যাবে সাবেক এই বিশ্বসুন্দরীকে।
আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আসর। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লে দেফিলে’র নবম আসর। এবারের আয়োজনের মূল ভাবনা রাখা হয়েছে ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজনটি।
দীর্ঘ সময় ধরে লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনে তাঁর উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে র্যাম্পে তাঁর এই প্রত্যাবর্তনের বিষয়টিকে আত্মবিশ্বাস, শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে।
২০১৭ সালে শুরু হওয়া ‘লে দেফিলে’ এরই মধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন দুনিয়ার অন্যতম আলোচিত আয়োজনে পরিণত হয়েছে। এবারের আসরে ঐশ্বরিয়ার পাশাপাশি র্যাম্প মাতাবেন সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।
তবে এবারের আয়োজন শুধু তারকাদের র্যাম্পে হাঁটার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ভারতীয় ত্বকের রঙের কথা মাথায় রেখে লরিয়াল প্যারিস বাজারে আনছে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের নতুন পাঁচটি গাঢ় রং থাকছে। এই কালেকশনের বিশেষ আকর্ষণ হলো ‘৪২৩ অডাসিয়াস রেড’। জানা গেছে, প্যারিস ফ্যাশন উইকের আলোঝলমলে মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও এই রঙের লিপস্টিক দেখা যাবে।
প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা ভারতীয় ক্রেতাদের কাছে পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে যুক্ত হয়েছে। এ ছাড়া আগামী অক্টোবরে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালারও আয়োজন করবে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে এখন থেকেই তুমুল আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।