বিজ্ঞাপন
বিনোদন

অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের কথা বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের কথা বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

ছবি : সংগৃহীত

বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। বড় পর্দা কিংবা ওটিটি - যেকোনো চরিত্রেই তাঁর সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে পর্দায় প্রশংসিত এই তারকা বাস্তব জীবনে একবার নজিরবিহীন বিতর্কের মুখে পড়েছিলেন। ২০১৭ সালে প্রকাশিত নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ - এ সহ অভিনেত্রীদের সঙ্গে গোপন সম্পর্ক ও পরকীয়ার খোলামেলা বিবরণ দিয়ে রীতিমতো তোপের মুখে পড়েছিলেন তিনি।

বইটিতে ‘মিস লাভলি’ সিনেমার সহশিল্পী নিহারিকা সিংয়ের সঙ্গে সম্পর্কের বিশদ বর্ণনা দিয়েছিলেন নওয়াজ। প্রথম শারীরিক সম্পর্কের মুহূর্তের বর্ণনায় নিজেকে ‘কামুক গ্রাম্য গেঁয়ো’ হিসেবে উল্লেখ করেছিলেন অভিনেতা। লিখেছিলেন, কীভাবে মোমবাতি জ্বালানো নিহারিকার ঘরে তাঁদের অন্তরঙ্গতা শুরু হয়েছিল। নওয়াজ দাবি করেছিলেন, পশমি পোশাক পরা নিহারিকার সঙ্গে তাঁর এই সম্পর্ক টিকেছিল অন্তত দেড় বছর।

বইটি বাজারে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নিহারিকা সিং। তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত বিষয় জনসমক্ষে আনায় নওয়াজের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আনেন তিনি। নিহারিকার দাবি ছিল, নওয়াজ কেবল মনগড়া ও বিকৃত তথ্যই প্রকাশ করেননি, বরং সত্যও গোপন করেছেন। বিস্ফোরক এক মন্তব্যে নিহারিকা বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক মাত্র কয়েক মাসের ছিল। সবচেয়ে বড় কথা, নওয়াজ আমার কাছে তাঁর বিয়ের কথা লুকিয়েছিলেন। পরে আমি জানতে পারি যে গ্রামে তাঁর স্ত্রী রয়েছেন।’

আত্মজীবনীতে নিজের চরিত্র নিয়েও বেশ রূঢ় মন্তব্য করেছিলেন নওয়াজউদ্দিন। অকপটে স্বীকার করেছিলেন, কেবল শারীরিক চাহিদার কারণেই নারীদের কাছে যেতেন তিনি এবং কাজ শেষে সরে আসতেন। নিজেকে ‘স্বার্থপর’ আখ্যা দিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সম্পর্কে জড়ানো প্রতিটি নারীরই একই অভিযোগ ছিল - নওয়াজ কেবল নিজের চাহিদাই বুঝতেন।

শুধু নিহারিকাই নন, বইয়ে নাম থাকা নওয়াজের আরেক প্রাক্তন প্রেমিকা সুনীতা রাজওয়ারও মিথ্যাচার ও বই বিক্রির জন্য ব্যক্তিগত জীবনকে ব্যবহারের অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেছিলেন।

শুরুতে ‘সত্য বলতে ভয় নেই’ বলে সাফাই গাইলেও চারদিকের তীব্র সমালোচনা ও আইনি জটিলতার আশঙ্কায় শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন অভিনেতা। প্রকাশের পরপরই বাজার থেকে একযোগে বইটি প্রত্যাহার করে নেন তিনি।

জনসমক্ষে ক্ষমা চেয়ে নওয়াজউদ্দিন বলেছিলেন, ‘কারও অনুভূতিতে আঘাত দেওয়ার ইচ্ছা আমার ছিল না। বইয়ে তাঁদের নাম উল্লেখ করাটা একদমই উচিত হয়নি।’ তবে আক্ষেপ নিয়ে এই অভিনেতা এও বলেছিলেন, ‘সত্য সব সময় সবার কাছে তেতো মনে হয়। ভবিষ্যতে হয়তো আর কোনো দিন এভাবে সত্য লেখার ভুল করব না।’