‘মির্জাপুর’–এর মুমতাজ বিবি হয়ে দর্শকের ভালোবাসায় আপ্লুত সোনাল
ছবি : সংগৃহীত
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’- এর নতুন চরিত্র ‘মুমতাজ বিবি’। আর এই চরিত্রে অভিনয় করে রীতিমতো দর্শকের প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। চরিত্রটি দর্শক কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে শুরুতে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে মুক্তির পর অভাবনীয় ইতিবাচক সাড়া পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে সোনাল চৌহান লিখেছেন, ‘মুমতাজ বিবিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। সত্যি বলতে, আমি খুব নার্ভাস ছিলাম। কারণ, আমি জানতাম না আপনারা মুমতাজ হিসেবে আমাকে কীভাবে গ্রহণ করবেন। কিন্তু আজ শুধু এটুকুই বলতে পারি, মুমতাজকে “মির্জাপুর”- এর জগতে গ্রহণ করে নেওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ।’
দর্শকের এই ভালোবাসা তাঁর প্রত্যাশার চেয়েও অনেক বেশি বলে জানান সোনাল। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে পাশে থাকার জন্য নিজের ভক্তদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
মুমতাজ চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পেছনে যাঁদের অবদান রয়েছে, পোস্টে তাঁদের কথাও আলাদাভাবে স্মরণ করেছেন সোনাল। নির্মাতা গুরমিত সিংকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অন্যরা যখন তাঁর ওপর বিশ্বাস রাখেনি, তখন গুরমিত সিং তাঁকে এই বড় সুযোগটি দিয়েছিলেন। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্মাতার প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।
মুমতাজ চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার নেপথ্যের কারিগরদেরও ধন্যবাদ জানিয়েছেন সোনাল। চরিত্রটির কোমল দিক ফুটিয়ে তুলতে শুরু থেকেই তাঁর ওপর বিশ্বাস রেখেছিলেন পুনীত। সোনালের মতে, চরিত্রটির দিকে ফিরে তাকালে মনে হয়, মুমতাজ হয়তো অন্য কোনোভাবে পর্দায় আসতেই পারত না। পাশাপাশি নিজেকে মুমতাজ চরিত্রে নিখুঁতভাবে উপস্থাপনে সাহায্য করার জন্য ‘বাবা’কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এ ছাড়া কাস্টিংয়ের ক্ষেত্রে প্রচলিত ধারার বাইরে গিয়ে তাঁকে এই চরিত্রের জন্য নির্বাচনের কারণে আনমোল আহুজা ও কাস্টিং বে–র প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। অভিনেতা ও কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলীকে আলাদাভাবে ধন্যবাদ জানিয়ে সোনাল বলেন, নতুন কিছু করার সাহস ও আত্মবিশ্বাস তিনি বিজয়ের কাছ থেকেই পেয়েছিলেন।
সবশেষে ‘মির্জাপুর’ - এর সঙ্গে যুক্ত রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার, বিশাল রামচন্দানি ও প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। তাঁদের বিশ্বাস ও আস্থার কারণেই ‘মির্জাপুর’–এর মতো এত বড় একটি প্রজেক্টের অংশ হতে পেরেছেন বলে উল্লেখ করেন সোনাল চৌহান।