ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মোতায়েন পুলিশ
ছবি : সংগৃহীত
রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ উত্তেজনা ছড়ায়। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব প্রথম আলোকে বলেন, ‘ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অঘটন এড়াতে এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, নিউমার্কেট, ধানমন্ডি ও কলাবাগান থানা পুলিশের প্রায় ৬০ জন সদস্য সায়েন্সল্যাব ও এর আশপাশের এলাকায় মোতায়েন রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং শিক্ষার্থীরা এখন নিজ নিজ কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে কোনো উসকানিমূলক কাজ বা ঢিল ছুড়তে না পারে, সে জন্য পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।
সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব কেন্দ্রিক সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।