বিজ্ঞাপন
সামাজিক মাধ্যম

থানায় রুমিন ফারহানার 'স্টান্টবাজি' কড়া সমালোচনা করলেন জুলকারনাইন সায়ের

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
থানায় রুমিন ফারহানার 'স্টান্টবাজি' কড়া সমালোচনা করলেন জুলকারনাইন সায়ের

ছবি : বাংলা সংযোগ গ্রাফিক্স

সম্প্রতি ঘটে  যাওয়া পুলিশের সঙ্গে  সংসদ সদস্য রুমিন ফারহানার উত্তেজিত বাকবিতণ্ডার ভিডিও বাংলাদেশের সর্বমহলে আলোচনার ঝড় তুলেছে । এই ঘটনার কড়া সমালোচনা করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি রুমিন ফারহানার এই আচরণকে নিছক 'স্টান্টবাজি' বলে আখ্যা দিয়েছেন।

ভিডিওটির ক্যাপশনে জুলকারনাইন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ এমন একটি সংগঠনের পক্ষে কথা বলা এই সংসদ সদস্য ওই সংগঠনের কর্মীদের নিয়েই থানায় প্রবেশ করেছিলেন। থানায় গিয়ে তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) 'পতিত শাসকগোষ্ঠীর দোসর' বলে আখ্যা দেন। জুলকারনাইনের মতে, এটি একটি 'তামাশা'।

রুমিন ফারহানার আচরণের সমালোচনা করে পোস্টে তিনি লেখেন, "আপনি এত সাহসের ভাণ্ডার তাহলে ক্যামেরা কেন বন্ধ করতে বলছেন? আর যখন দেখলেন ক্যামেরা বন্ধ করা যাচ্ছে না, তখন শুরু করলেন ওসির নামে বিষোদগার।" ভিডিওতে রুমিন ফারহানাকে ওসির বিরুদ্ধে ইটভাটা, মাটি কাটা আর বালু উত্তোলন থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলতে শোনা যায় বলে ইঙ্গিত দেন জুলকারনাইন। এর জবাবে তিনি পরামর্শ দিয়ে বলেন, "অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে তো যাওয়া উচিত পুলিশ সুপার বা দুদক কার্যালয় থানার কক্ষে ঢুকে চেঁচামেচি করলে তো এটার সুরাহা হবে না।"

সাবেক এই সংসদ সদস্যের এমন কাজকে 'স্টান্টবাজি' উল্লেখ করে তিনি আরও লেখেন, "রুমিন ফারহানা, আপনার এসব স্টান্টবাজি মানুষ বোঝে। শোকরিয়া করুন যে আপনি বাংলাদেশের সংসদ সদস্য অন্য কোনো দেশ হলে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশের সঙ্গে এহেন আচরণের জন্য চৌদ্দ শিকের ভেতরে থাকতেন।"

বর্তমান প্রেক্ষাপটের পাশাপাশি রুমিন ফারহানার অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন জুলকারনাইন সায়ের। পোস্টে তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, "বাই দ্য ওয়ে ২০০৯ থেকে ২০২৪—আপনি কতবার গ্রেপ্তার হয়েছিলেন? একবারও না।" ২০২২ সালের জানুয়ারির একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লেখেন, "যখন আপনার তৎকালীন দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের খড়গ নেমে এসেছিল, তখন পুলিশ আপনাকে ভৈরব টোল প্লাজায় ঘণ্টাখানেক আটকে রেখে আশুগঞ্জের একটি হোটেলে বসিয়ে স্যান্ডউইচ আর জুস দিয়ে আপ্যায়ন করেছিল ব্যাস, এতটুকুই।"

জুলকারনাইন সায়েরের শেয়ার করা ২ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটিতে কয়েক লাখ ভিউ এবং হাজার হাজার মন্তব্য ও শেয়ার দেখা গেছে। মন্তব্যের ঘরে নেটিজেনদের অনেকেই জুলকারনাইনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে রুমিন ফারহানার সমালোচনা করছেন।