গাজীপুরে সাংবাদিকের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের নিন্দা বিজেপিএফের
গাজীপুরে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসেন। এ ঘটনায় আরও কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরাম (বিজেপিএফ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সাংবাদিক মামুন হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজেপিএফ জানায়, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংগঠনটি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম বলেন, পুলিশের এমন ন্যক্কারজনক হামলা ও গুলিতে বারবার সাংবাদিকেরা আহত হচ্ছেন। হামলাকারীদের বিচার না হওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা বলেন, এ ঘটনায় রাষ্ট্রকে দায়ভার নেওয়ার পাশাপাশি আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দিতে হবে।
বিজ্ঞপ্তির শেষে আহত সাংবাদিক মামুন হোসেনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের সদস্যরা।


