সাতক্ষীরায় দলিল লেখকদের ৭ দফা দাবি পেশ
ভূমি নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না - এমনিংসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের পৌর মিলনায়তনে (অডিটোরিয়াম) এই সমাবেশের আয়োজন করে সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ হলেন দলিল লেখকেরা। তাই আধুনিকায়নের যেকোনো উদ্যোগে দলিল লেখকদের সম্পৃক্ত রাখতে হবে। তাঁদের পেশার বাইরে রেখে বা বাদ দিয়ে কোনো সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা যাবে না।
সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবর রশীদ ও মো. বদরুদোজ্জা, কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী (বাবু), কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি খান ইকবাল হোসেন, তালার ইসলামকাটি শাখার সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান (মনি) এবং দেবহাটার সখিপুর শাখার সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম।
সমাবেশে উত্থাপিত ৭ দফা দাবি
সমাবেশ থেকে দলিল লেখকদের পেশাগত অধিকার আদায়ে সাতটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:
১. আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা।
২. প্রতিটি দলিলের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানী নির্ধারণ।
৩. লাইসেন্সবিহীন ব্যক্তিদের দিয়ে দলিলের মুসাবিদা ও দাখিল বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারি।
৪. সমিতির সুপারিশ ছাড়া নতুন কাউকে লাইসেন্স প্রদান বন্ধ রাখা।
৫. সাব-রেজিস্ট্রি কার্যালয়গুলোতে দলিল লেখকদের বসার জন্য এবং নামাজের জন্য শেড বা নির্দিষ্ট স্থান নির্মাণ।
৬. দলিলে অনিচ্ছাকৃত ভুলের কারণে দলিল লেখকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করা।
৭. দলিল লেখকদের জন্য একটি স্বাধীন কাউন্সিল গঠন এবং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।