প্রিয়জনের স্মৃতির প্রতি সম্মান : ইসলামপুরে তরুণদের উদ্যোগে কবরস্থান পরিচ্ছন্নতা
ছবি : বাংলা সংযোগ
জামালপুরের ইসলামপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন এলাকার অসংখ্য মানুষের প্রিয়জন। আগাছা আর ঝোপঝাড়ে ঢাকা পড়া সেই সমাধিস্থলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবার এগিয়ে এসেছেন স্থানীয় তরুণেরা। ‘ধর্মকুড়া স্বেচ্ছাসেবক সংগঠন’-এর উদ্যোগে এবং ইসলামপুরের একঝাঁক উদ্যমী যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম।
কবরস্থানকে কেবল একটি সমাধিস্থল হিসেবে নয়, বরং আবেগ ও স্মৃতিবিজড়িত পবিত্র স্থান হিসেবেই দেখছেন এই স্বেচ্ছাসেবকেরা। আয়োজকেরা জানান, এই মাটিতে কারও বাবা-মা, কারও ভাই-বোন, আবার কারও প্রিয় সন্তান বা আত্মীয়স্বজন শায়িত আছেন। প্রিয়জনদের সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং নিজেদের মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তরুণদের এই মহতী কাজকে এরই মধ্যে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
ধর্মকুড়া স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে ইসলামপুরের সর্বস্তরের মানুষের প্রতি এই কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটি শুধু কয়েকজনের কাজ নয়, সবার সম্মিলিত দায়িত্ব। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে দ্রুতই কবরস্থানটিকে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে রূপ দেওয়া সম্ভব হবে। আগামীকালও এই পরিচ্ছন্নতা অভিযান চলবে এবং এতে আরও বেশিসংখ্যক মানুষের অংশগ্রহণ পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, মানবতার সেবায় এবং পরপারে পাড়ি জমানো মানুষদের প্রতি সম্মান জানিয়ে নেওয়া এই উদ্যোগ সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত। তরুণদের এমন কাজ অন্যদেরও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে অনুপ্রাণিত করবে।
উদ্যোক্তারা বিনয়ের সঙ্গে জানান, মানবতার খেদমতে এবং প্রিয়জনদের প্রতি ভালোবাসার টানে তাঁরা এই কাজ করছেন। এই মহৎ উদ্যোগের সঙ্গে যাঁরা শ্রম ও সময় দিয়ে যুক্ত হয়েছেন, মহান সৃষ্টিকর্তা যেন তাঁদের উত্তম প্রতিদান দেন এমনটাই প্রার্থনা সবার।
