অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হয়: সুলতান মাহমুদ বাবু
জামালপুরের ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ.) জেনারেল হাসপাতাল (প্রা.)-এর ৯ম বর্ষপূর্তি ও দশম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি তাঁর বক্তব্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের কোনো মানুষ যেন অর্থনৈতিক সংকট বা অন্য কোনো কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
রোগীদের প্রতি চিকিৎসাকর্মীদের আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘একটি হাসপাতালের সেবার মান শুধু চিকিৎসক ও নার্সদের দায়িত্বশীলতার ওপর নির্ভর করে না। এর সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ওষুধের সহজলভ্যতা এবং রোগীবান্ধব পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। তাই এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত শাহ্ কামাল (রহ.) জেনারেল হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আনসার আলী। সত্য ছায়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাফিয়ান জামান বিশালের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন, সহসভাপতি এ কে এম শহিদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, মানবাধিকার–বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তিসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্ব শেষে হাসপাতালের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।