বিজ্ঞাপন
মফস্বল

শাশুড়িকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার

বাংলা সংযোগ ডেস্ক

Published :
শাশুড়িকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় নিজের শাশুড়িকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে পবা থানায় মামলা করেছেন।

গতকাল বুধবার পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি ভুক্তভোগীর মেয়ের স্বামী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভুক্তভোগীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদী তার অসুস্থ বড় বোনকে দেখতে দারুসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরদিন রোববার দুপুরে বাড়ি ফিরে তিনি তার মাকে বিমর্ষ অবস্থায় দেখতে পান। মায়ের কাছ থেকে বিস্তারিত শোনার পর তিনি থানায় মামলা করেন।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এজাহারে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্ত যুবক তার শাশুড়ির শয়নকক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি শাশুড়ির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে ভুক্তভোগীর ঘুম ভেঙে গেলে তিনি প্রতিবাদ করেন। তখন অভিযুক্ত ‘ভুল হয়েছে’ বলে ক্ষমা চেয়ে ঘর থেকে বেরিয়ে যান।

এজাহারে আরও দাবি করা হয়েছে, একই রাত আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত যুবক পুনরায় ওই কক্ষে প্রবেশ করেন এবং শাশুড়ির সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে অভিযুক্ত ভয় পেয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে আসেন এবং পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করে বিষয়টি কাউকে না বলার জন্য শাশুড়িকে অনুরোধ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।