বিজ্ঞাপন
স্বাস্থ্য

স্বাস্থ্যব্যবস্থার মূলধারায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তির দাবি এসবিপির

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
স্বাস্থ্যব্যবস্থার মূলধারায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তির দাবি এসবিপির

ছবি : বাংলা সংযোগ

দেশের স্বাস্থ্যব্যবস্থায় ওষুধের নিরাপদ ও যৌক্তিক ব্যবহার নিশ্চিতে সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের পদ সৃষ্টির দাবি জানিয়েছে ‘সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টস’ (এসবিপি)। একই সঙ্গে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সংস্কার ও ‘জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক’ বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়।

‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসবিপির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসাইন।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের কার্যকর ও প্রাতিষ্ঠানিক ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিতে ফার্মাসিস্টদের বিকল্প নেই। ‘নতুন হাসপাতাল কাঠামোয় ফার্মাসিস্টকে শুরু থেকেই রাখতে হবে’- এমন অবস্থানের কথা তুলে ধরে আয়োজকেরা বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে শয্যা ও বিশেষায়িত সেবা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধের ব্যবস্থাপনা জটিল হচ্ছে। তাই সেখানে ক্লিনিক্যাল ফার্মাসিস্টের পদ, দায়িত্ব ও পেশাগত অগ্রগতির কাঠামো নির্ধারণ করা জরুরি।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে ১৯৭৬ সালের ফার্মেসি অধ্যাদেশের কথা স্মরণ করা হয়। পাশাপাশি বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্বের ঘোষিত স্বাস্থ্যনীতির আলোকে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

এসবিপির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসাইন তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শুধু ফার্মাসিস্টদের জন্য চাকরি চাই না; আমরা চাই দেশের রোগীরা ফার্মাসিস্টদের শিক্ষা, দক্ষতা ও ওষুধবিষয়ক বিশেষায়িত জ্ঞানের সুফল পাক। প্রেসক্রিপশন পর্যালোচনা, ওষুধের সঠিক মাত্রা নির্ধারণ, ওষুধের পারস্পরিক প্রতিক্রিয়া এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতে ফার্মাসিস্টদের স্বাস্থ্যব্যবস্থার মূলধারায় আনতে হবে।’

জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক বাস্তবায়নের আগে ফার্মাসিস্টদের শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন, দক্ষতার মানদণ্ড, রোগী পরামর্শসহ জবাবদিহির সুস্পষ্ট কাঠামো নির্ধারণের দাবি জানানো হয় সভা থেকে।

অনুষ্ঠান থেকে এসবিপির পক্ষ থেকে মূলত চারটি দাবি তুলে ধরা হয়:
১. সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের পদ সৃষ্টি।
২. জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক বাস্তবায়ন।
৩. বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সংস্কার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ।
৪. স্বাস্থ্যনীতিতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসাইন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।

এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ফার্মাসিউটিক্যাল শিল্প ও চিকিৎসাসেবায় যুক্ত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।