হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩৫
ছবি : সংগৃহীত
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট প্রাণহানি দাঁড়াল ১ হাজার ২১৪ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১০ জনের। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত যে সাতজন মারা গেছেন, তাঁদের মধ্যে কেবল সিলেট বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে মৃত্যুর পাশাপাশি হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত রোগীর ভিড়। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন রোগী।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরাবরের মতোই ঢাকা বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪, বরিশালে ১১৫, সিলেটে ৯৪, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহী বিভাগে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবের পরিসংখ্যান রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।
এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, চিকিৎসা নিয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন রোগী।