শ্বাশুড়ির সামনে থাপ্পড় মারায় বাবাকে খুন করলো ছেলে
ছবি : ঘাতক হাসানুর রহমান
রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের (চর তাম্বুলপুর) মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, শাশুড়ির সঙ্গে অসদাচরণের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছেলে হাসানুর রহমান (২২) তাঁর বাবাকে ছুরিকাঘাত করেন।
নিহত মাহাবুর হোসেন ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ, পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছেলে হাসানুর রহমানের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। গতকাল শুক্রবার সকালে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাঁদের বাড়িতে আসেন। এ সময় শাশুড়ির সঙ্গে অসদাচরণ করেন হাসানুর। বিষয়টি নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে চড় মারেন বাবা মাহাবুর হোসেন।
সবার সামনে চড় খাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি হাসানুর। ক্ষুব্ধ হয়ে হাতের কাছে থাকা একটি ছুরি দিয়ে তিনি হঠাৎ বাবার বুকে আঘাত করেন। এতে মাহাবুর হোসেন গুরুতর আহত হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক গতকাল রাতে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ইতোমধ্যেই আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।