টিকটকে প্রেম, দেখা করতে এসে ‘ধর্ষণের’ শিকার কিশোরী
গ্রাফিকস : বাংলা সংযোগ
কুমিল্লার বুড়িচংয়ে টিকটক ও ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভুক্তভোগী কিশোরী ঢাকার গুলশানের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। তার বাড়ি নরসিংদী জেলায় এবং বাবা-মা নেই বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত যুবকের নাম রাজীব আহমেদ (২১)। তিনি কুমিল্লার একটি কাপড়ের দোকানের কর্মচারী এবং ময়নামতি ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে রাজীবের সঙ্গে ওই কিশোরীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই শুক্রবার ঢাকা থেকে কুমিল্লায় ছুটে আসেন ওই কিশোরী।
রাত নয়টার দিকে রাজীব ওই কিশোরীকে ময়নামতি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কিশোরীকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রাজীব পালিয়ে যান।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘৯৯৯-এ কল পেয়ে রাত দুইটার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়। কিশোরী অভিযুক্ত রাজীবকে শনাক্ত করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’