জগন্নাথ কলেজের সেই শিক্ষার্থী ভাষাশহীদ রফিকের জন্মদিন আজ
ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গকারী ভাষাশহীদ রফিক উদ্দিন আহমেদের জন্মদিন আজ। ১৯২৬ সালের ৩০ অক্টোবর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন এই তরুণ। তাঁর আত্মত্যাগ বাঙালির ভাষার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
রফিক উদ্দিন আহমেদ ছিলেন তৎকালীন জগন্নাথ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমানে প্রতিষ্ঠানটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। ভাষা আন্দোলনে তাঁর অবদান স্মরণে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের নাম রাখা হয়েছে ‘ভাষাশহীদ রফিক ভবন’। ভবনটিতে বর্তমানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।
শিক্ষাজীবনে রফিক ১৯৪৯ সালে স্থানীয় বায়রা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ভর্তি হন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে। পারিবারিক প্রয়োজনে একপর্যায়ে পড়াশোনা অসমাপ্ত রেখে ঢাকায় চলে আসেন এবং বাবার মুদ্রণ ব্যবসার কাজে যুক্ত হন। পাশাপাশি জগন্নাথ কলেজে পড়াশোনা চালিয়ে যান। ভাষা আন্দোলন জোরালো হয়ে উঠলে তিনিও সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন। আন্দোলনকারীদের সেই মিছিলে ছিলেন রফিকও। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
ভাষা আন্দোলনের ইতিহাসে রফিকের শহীদ হওয়ার পাশাপাশি তাঁর মরদেহের ছবি তোলার ঘটনাটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের আলোকচিত্রী আমানুল হক পুলিশের নজরদারি এড়িয়ে গোপনে তাঁর মরদেহের ছবি ধারণ করেন। পরে ছবিটি দৈনিক সংবাদ ও আজাদ পত্রিকায় প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ছবিটি ভাষা আন্দোলনে পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে পরিচিতি পায়।
শহীদ হওয়ার দিনগত রাতে আনুমানিক তিনটার দিকে সামরিক বাহিনীর কড়া পাহারায় ঢাকার আজিমপুর কবরস্থানে রফিককে দাফন করা হয়। তবে সে সময় তাঁর কবরের কোনো স্থায়ী চিহ্ন রাখা হয়নি। ফলে পরবর্তী সময়ে কবরটি নির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আজও ভাষা আন্দোলনের এই শহীদের সমাধিস্থলের সুনির্দিষ্ট অবস্থান অজানা রয়ে গেছে।
ভাষা আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে রফিক উদ্দিন আহমেদকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জন্মস্থান পারিল গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রফিকনগর। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে ভবন নামকরণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির সঙ্গে ভাষা আন্দোলনের ইতিহাসের যোগসূত্র স্মরণ করিয়ে দেয়।
ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া রফিক উদ্দিন আহমেদ কেবল ভাষা আন্দোলনের ইতিহাসের গুরুত্বপূর্ণ শহীদ নন, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। তাঁর আত্মত্যাগ বাঙালির ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি এই ভাষাশহীদকে।


