জুলাই স্মৃতি জাদুঘরের আর্ট ক্যাম্পে শিল্পী নির্বাচন নিয়ে চারুশিল্পী সংসদের প্রতিবাদ
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আয়োজিত ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের নির্বাচন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। অংশগ্রহণকারীদের কয়েকজনের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে শিল্পী নির্বাচনের প্রক্রিয়া পর্যালোচনা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ মূল্যায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত এক দিনের এই আর্ট ক্যাম্পকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। এতে সাধারণ শিল্পী এবং জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থক শিল্পীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বলে দাবি করেছে চারুশিল্পী সংসদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষয়টি নিয়ে গত ১১ অক্টোবর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর কাছে লিখিত প্রতিবাদ জানায় সংগঠনটি। একই আবেদনের অনুলিপি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালকের কাছেও পাঠানো হয়। সেখানে আর্ট ক্যাম্পের শিল্পী নির্বাচনের প্রক্রিয়া পর্যালোচনা, সংশ্লিষ্ট শিল্পীদের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনটির দাবি, তাদের পক্ষ থেকে আপত্তি জানানোর পরও ১২ অক্টোবর নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই বাংলাদেশি চারুশিল্পী সংসদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী পাপ্পু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানসহ সংগঠনের সদস্য এবং চারুশিল্পীদের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে শিল্পী নির্বাচন থেকে শুরু করে আয়োজনের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি থাকা প্রয়োজন। আর্ট ক্যাম্পের অংশগ্রহণকারী শিল্পীদের তালিকা কারা এবং কী প্রক্রিয়ায় তৈরি করেছেন, তা নিয়েও সভায় প্রশ্ন তোলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অংশগ্রহণকারী শিল্পীদের তালিকা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক কাউসার হাসান টগর, অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, অধ্যাপক আব্দুল আযিয এবং অধ্যাপক ড. শামীম রেজা আর্ট ক্যাম্পটি বর্জন করেন।
বাংলাদেশি চারুশিল্পী সংসদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্ট ক্যাম্পের শিল্পী নির্বাচনপ্রক্রিয়া পুনর্বিবেচনা, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত সাংস্কৃতিক কর্মসূচির জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে।
সংগঠনটির বক্তব্য, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিষয় নয়; বরং এটি জাতীয় ইতিহাস, জনগণের আকাঙ্ক্ষা এবং সাংস্কৃতিক দায়বদ্ধতার অংশ। এ কারণে এ ধরনের উদ্যোগের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে সংগঠনটি।
