বিজ্ঞাপন
বিশেষ প্রতিবেদন

২১ বছরে জাবির আহমেদ জিহাদ

বাংলা সংযোগ ডেস্ক

Published :
২১ বছরে জাবির আহমেদ জিহাদ

আজ ১০ অক্টোবর। জীবনের ২১ বছরে পা রাখলেন তরুণ কবি,লেখক ও সাংবাদিক জাবির আহম্মেদ জিহাদ। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও বিজ্ঞানচর্চায় আগ্রহী এই তরুণ নিজের সৃজনশীলতা দিয়ে এগিয়ে যেতে চান বহুদূর। নতুন ভাবনা, লেখালেখি আর সমাজের প্রতি দায়বদ্ধতা।এই তিনের সমন্বয়ে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

জাবির আহমেদ জিহাদের জন্ম জামালপুরের ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বৌশেরগড় গ্রামে। বাবা মো. উসমান গণী ও মা বেগম জরিনার এক মেয়ে দুই ছেলের ছোট সন্তান তিনি। বর্তমানে অনার্সের তৃতীয় বর্ষে অধ্যয়নরত জাবির পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতা ও সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন।

২০২২ সালে সাংবাদিকতার জগতে যাত্রা শুরু করেন জাবির। কাজ করেছেন ‘দ্য ডেইলি ক্যাম্পাস’সহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক সংবাদের রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। অল্প বয়সেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হয়ে সংবাদ সংগ্রহ, লেখালেখি ও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।

সাংবাদিকতার বাইরে জাবিরের আরেকটি পরিচয় তিনি সাহিত্যপ্রেমী তরুণ লেখক। ছড়া, কবিতা, গল্প ও কল্পবিজ্ঞানের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। বিভিন্ন জাতীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী ও অনলাইন প্ল্যাটফর্মে তাঁর শতাধিক লেখা প্রকাশিত হয়েছে বলে জানা যায়।

সাহিত্যচর্চার শুরুটাও হয়েছিল বেশ আগেই। ২০১৯ সালের আগস্টে শিশু-কিশোর মাসিক পত্রিকা ‘নতুন কিশোর কণ্ঠ’-এর অনুশীলন বিভাগে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। ওই সংখ্যায় বিভাগটিতে প্রথম স্থান অর্জন তাঁর লেখালেখির আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। পরবর্তী সময়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘অন্তরবৃত্তে স্বাধীনতা’-তে স্থান পায় তাঁর কবিতা ‘স্বাধীনতা’। এই অভিজ্ঞতা তাঁর সাহিত্যযাত্রায় উল্লেখযোগ্য সংযোজন।

জাবিরের লেখালেখির বড় একটি অনুপ্রেরণা তাঁর শৈশব ও স্মৃতির গ্রাম বৌশেরগড়। যমুনার ভাঙনে গ্রামটির অস্তিত্ব হারিয়ে গেলেও সেই মাটির সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক আজও অটুট। নদী, প্রকৃতি, শৈশব ও হারিয়ে যাওয়া জনপদের স্মৃতি তাঁর ভাবনায় বিশেষ জায়গা করে নিয়েছে। অতীতের সেই স্মৃতি তাঁর লেখায়ও নানা সময়ে ফিরে আসে।

বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের প্রতিও রয়েছে তাঁর গভীর আগ্রহ। বিশেষ করে সায়েন্স ফিকশনের মাধ্যমে নতুন ধারণা, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভালোবাসেন তিনি। সাহিত্য ও বিজ্ঞানকে পাশাপাশি রেখে সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের চিন্তার জগতে নতুন প্রশ্ন ও ভাবনার খোরাক জোগাতে চান এই তরুণ।

২১ বছরে পা রেখে জাবির আহমেদ জিহাদের সামনে এখন নতুন সম্ভাবনার দুয়ার। পড়াশোনা, সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সমন্বয়ে নিজেকে আরও দক্ষ করে তোলার প্রত্যাশা তাঁর। শুভাকাঙ্ক্ষীদের আশা, অধ্যবসায় ও সৃজনশীলতার চর্চা অব্যাহত রেখে তিনি নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবেন এবং তাঁর কাজ তরুণ প্রজন্মকে জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্যচর্চায় উৎসাহিত করবে।