বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক

পুতিনবিরোধী ‘পিসফুল রাশিয়া’ ও ‘রাসভেত’ কে ‘বিদেশি এজেন্ট’ তকমা

বাংলা সংযোগ ডেস্ক

Published :
পুতিনবিরোধী ‘পিসফুল রাশিয়া’ ও ‘রাসভেত’ কে ‘বিদেশি এজেন্ট’ তকমা

‘রাসভেত’ নেতা ইয়েকাতেরিনা দুনৎসোভা

রাশিয়ার বিচার মন্ত্রণালয় ক্রেমলিনবিরোধী রাজনৈতিক দল ‘পিসফুল রাশিয়া’ ও ‘রাসভেত’ কে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো এবং দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করার অভিযোগে দল দুটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মস্কোর সাবেক কাউন্সিলর ও রাজনৈতিক বন্দি ইলিয়া ইয়াশিনের নেতৃত্বে নির্বাসিত বিরোধী নেতাদের একটি দল চলতি বছরের শুরুর দিকে ‘পিসফুল রাশিয়া’ প্রতিষ্ঠা করে। দলটির মূল লক্ষ্য হলো রাশিয়ার বিভক্ত যুদ্ধবিরোধী আন্দোলনকে ঐক্যবদ্ধ করা এবং চূড়ান্তভাবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে চ্যালেঞ্জ করা।

এক বিবৃতিতে ইলিয়া ইয়াশিন জানিয়েছেন, তাঁর দল বিচার মন্ত্রণালয়ের এই তকমা ‘প্রত্যাখ্যান’ করছে। উল্টো তিনি প্রেসিডেন্ট পুতিন ও তাঁর প্রশাসনকে ‘বিদেশি এজেন্ট’ হিসেবে অভিযুক্ত করেছেন। ইয়াশিন বলেন, “মিথ্যা দেশপ্রেমের আড়ালে এই মানুষেরা চীনের স্বার্থ রক্ষা করছে এবং আমাদের দেশকে কেবল চীনের সম্পদ আহরণের উৎসে পরিণত করছে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

অন্যদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী ইয়েকাতেরিনা দুনৎসোভার প্রতিষ্ঠিত দল ‘রাসভেত’ বিদেশি অর্থায়ন পাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তারা বিচার মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেছে।

এক বিবৃতিতে দলটি জানিয়েছে, “কর্তৃপক্ষ আজ রাশিয়ায় বিরোধী তৎপরতা ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পথে তাদের অবস্থান নিশ্চিত করেছে।”

উল্লেখ্য, ‘পিসফুল রাশিয়া’ এবং ‘রাসভেত’ উভয় দলের কোনোটিই রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল নয়।