বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

বাংলা সংযোগ ডেস্ক

Published :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ছবি : বাংলা সংযোগ

যুক্তরাষ্ট্র সরকার ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে তথ্য প্রদানকারীকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং সম্ভাব্য পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই প্রস্তাব দেওয়া হয়েছে।

রিওয়ার্ডস ফর জাস্টিসের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম, বৈজ্ঞানিক কর্মী এবং পারমাণবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত উপকরণের গতিবিধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে এই পুরস্কার পাওয়া যাবে। গত ৬ নভেম্বর এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) এই পুরস্কার ঘোষণার বিষয়টি জানিয়েছে। রিওয়ার্ডস ফর জাস্টিসের অফিশিয়াল রিপোর্টিং চ্যানেলের মাধ্যমে তথ্য প্রদান করা যাবে।

এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হলো, যখন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। রিওয়ার্ডস ফর জাস্টিসের বিজ্ঞপ্তিতে আইএইএর ২০২৫ সালের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি এবং অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের (সাধারণত ৯০ শতাংশ) কাছাকাছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ, যারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে মার্কিন কর্মসূচির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মূল্যায়নের বরাত দিয়ে এতে আরও বলা হয়, এই পরিমাণ ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করা হলে তা একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

মার্কিন বিজ্ঞপ্তিতে আইএইএর নিরাপত্তাজনিত বাধ্যবাধকতার সঙ্গে ইরানের অসহযোগিতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। রিওয়ার্ডস ফর জাস্টিস জানিয়েছে, অসহযোগিতার কারণে সেন্ট্রিফিউজসহ (ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মূল যন্ত্র) প্রধান পারমাণবিক উপাদানগুলোর উৎপাদন ও মজুত সম্পর্কে আইএইএ তাদের ‘জ্ঞানের ধারাবাহিকতা’ (কন্টিনিউটি অব নলেজ) হারিয়েছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালিয়েছিল। ২০২৫ সালের ২১ জুন ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর অধীনে মার্কিন বাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন যে, ওই স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে বলা হয়, হামলায় স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে এবং ইরানের কর্মসূচি কয়েক মাস পিছিয়ে গেছে, কিন্তু তা পুরোপুরি নির্মূল হয়নি। হামলার পর ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান নিয়ে আইএইএ এবং পারমাণবিক বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন, যার পুরোপুরি হিসাব পাওয়া যায়নি।

ইরান-সংশ্লিষ্ট নেটওয়ার্কের তথ্য পেতে যুক্তরাষ্ট্র এর আগেও আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। ‘ইরান ওয়াচ’-এর বরাত দিয়ে রিওয়ার্ডস ফর জাস্টিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং এর কুদস ফোর্সের আর্থিক নেটওয়ার্ক, অবৈধ তেল বিক্রি বা নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার তথ্য দিলে দেড় কোটি (১৫ মিলিয়ন) ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এরপর ২০২৪ সালে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যার পরিকল্পনায় অভিযুক্ত আইআরজিসি সদস্য শাহরাম পুরসাফিকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করার মতো তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কারের প্রস্তাব দেয় ওয়াশিংটন।