বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আন্তর্জাতিক

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন জেডি ভ্যান্স

বাংলা সংযোগ ডেস্ক

Published :
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন জেডি ভ্যান্স

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিনি তাড়াহুড়ো করছেন না। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেছেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আগামী বছরের কোনো একসময় এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ সাক্ষাৎকারের সঞ্চালক লরা ইনগ্রাহাম এ বিষয়ে আরও জানতে চাইলে ভ্যান্স বলেন, ‘যখন সিদ্ধান্ত নেব, তখন সেই সিদ্ধান্তের পক্ষে পুরোপুরি কাজ করব।’

বিবিসিকে ভ্যান্সের ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফল ২০২৮ সালের নির্বাচন নিয়ে তার সিদ্ধান্ত গ্রহণের সময়সূচিতে কোনো পরিবর্তন আনেনি। তিনি প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তার ঘনিষ্ঠরা আরও কয়েক মাস অপেক্ষা করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মাগা আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি ও প্রতিদ্বন্দ্বী

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর থেকেই তার হোয়াইট হাউসে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্টদের একজন হিসেবে দায়িত্ব নেওয়া ভ্যান্সকে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) আন্দোলনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়। এর আগে মধ্যবর্তী নির্বাচনের প্রচারেও ২০২৮ সালে তার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি উঠেছিল। তবে তখন ভ্যান্স রিপাবলিকানদের চলতি নির্বাচনেই মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

ভ্যান্স নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ে এগিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার বিদায়ী গভর্নর রন ডিস্যান্টিস এবং নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টিসহ আরও কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখনো জানাননি, ২০২৮ সালের নির্বাচনে তিনি কাকে সমর্থন দেবেন। তবে মাগা আন্দোলনের ভোটারদের কাছে ট্রাম্পের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচন ও ইরান যুদ্ধ প্রসঙ্গ

বিবিসি জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের ফল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন নীতি নিয়ে ভোটারদের অসন্তোষও সামনে এনেছে।

নির্বাচনের পর এক পোস্টে ভ্যান্স রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন। যুদ্ধ শেষ করা ও অর্থনীতিতে মনোযোগ দেওয়াকে ভোটারদের আস্থা ফেরানোর উপায় হিসেবেও তুলে ধরেছিলেন তিনি। তবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স দাবি করেছেন, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো মতপার্থক্য নেই।

ফারিহা তামান্না/বাংলা সংযোগ