বিপ্লব ও সংহতি দিবসে জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদনের পর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের আগে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর দলীয় নেতাদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টায় বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
বিকেলে বিএনপির শোভাযাত্রা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হেঁটে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়টি ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এটি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি সম্পন্ন করেছে।


