বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাতীয়

রামিসা হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

বাংলা সংযোগ ডেস্ক

Published :
রামিসা হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

ছবি : বাংলা সংযোগ গ্রাফিক্স

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন হাইকোর্ট। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উভয় পক্ষের শুনানি শেষ হয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ গতকাল শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১৭ জুন হাইকোর্টের এই বেঞ্চ আসামিদের আইনি সহায়তা দিতে সলিসিটরকে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী, আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী হাফিজুর রহমান খানকে ‘স্টেট ডিফেন্স’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। রামিসা পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা পরিবারের সদস্যদের নিয়ে ওই ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। পরে অপরাধের আলামত গোপন করতে তার মরদেহ খণ্ডিত করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

মামলার নথি অনুযায়ী, এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা করেন। মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না খাতুন এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২৫ মে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন (মামলার অজ্ঞাতপরিচয় আসামির বিষয়ে অভিযোগপত্রে কী উল্লেখ রয়েছে)। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ওই ট্রাইব্যুনালে বিচার শেষে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর হাইকোর্টে তাদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

লামিয়া তমা/বাংলা সংযোগ