গৌরীপুরে সুতা তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত ‘ডেল্টা স্পিনার্স লিমিটেড’ নামক একটি সুতা উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর এই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার শিফটে কারখানার ভেতরে কাজ চলছিল। এ সময় হঠাৎ করেই মিলের ভেতরে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিকেরা। কারখানার ভেতরে বিপুল পরিমাণ তুলা ও সুতা মজুত থাকার কারণে মুহূর্তের মধ্যেই আগুন পুরো উৎপাদন ইউনিটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই ভেতরে থাকা শ্রমিকেরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দা ও মিলের শ্রমিকদের সহায়তায় আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে।
কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে কিংবা এতে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ১০টায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছিল।


