সুপারিশকৃত বালাইনাশকের সঠিক ব্যবহার ও পিপিই ব্যবহারে সচেতনতামূলক সভা
কৃষিতে নিরাপদ বালাইনাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নে অবহিতকরণ সভা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদর্শন করা হয়েছে।
জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে কমিউনিটি মার্কেট এজেন্ট, নারী উদ্যোক্তা এবং উৎপাদক দলের দলনেতারা অংশগ্রহণ করেন।
ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া, চিনাডুলি, ইসলামপুর সদর, পার্থশী, গোয়ালেরচর ও চরপুটিমারী এবং মেলান্দহ উপজেলার দুরমুট, কুলিয়া, শ্যামপুর ও মাহমুদপুর ইউনিয়নে এসব কার্যক্রম পরিচালিত হয়।
সভায় সুপারিশকৃত বালাইনাশকের যথাযথ ও নিরাপদ ব্যবহার, বালাইনাশক প্রয়োগের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সামনে পিপিই ব্যবহারের বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। এর মাধ্যমে বালাইনাশক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং কৃষক ও কৃষি উদ্যোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।
অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।


