বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মফস্বল

গোপালগঞ্জে বিক্ষোভের পর ডিসি ও এসপি বদলি, রদবদল পুলিশে

বাংলা সংযোগ ডেস্ক

Published :
গোপালগঞ্জে বিক্ষোভের পর ডিসি ও এসপি বদলি, রদবদল পুলিশে

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ জেলা শহরে লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থকদের মহড়া এবং ভাঙচুরের ঘটনার পরপরই জেলাটির জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) পরিবর্তন করেছে সরকার। আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে প্রশাসন ও পুলিশের এই দুই শীর্ষ পদে রদবদল আনা হয়। একই দিনে পৃথক আরেক প্রজ্ঞাপনে পুলিশের আরও চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের ডিসি (উপসচিব) মো. আরিফ-উজ-জামানকে বদলি করে ঢাকায় আনা হয়েছে এবং তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ তাঁর নতুন কোনো পদায়ন হয়নি। তাঁর স্থলে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জ জেলায় পাঠানো হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে পাঠানো হয়েছে। আর ফেনীর এসপি প্রত্যূষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

প্রদত্ত তথ্য ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের জেলা শহরে তৎপরতা চালান কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকেরা। সকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমর্থকেরা লগি-বৈঠা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরে মিছিলে নামেন। একপর্যায়ে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিলের পাশাপাশি একটি সুপারশপের কাচ ভাঙচুর করেন। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়।

কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। সূত্রের তথ্যানুযায়ী, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’-এর ব্যানার সাঁটিয়ে দেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামও একইভাবে ‘জয় বাংলা চত্বর’ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

পুলিশের আরও ৪ কর্মকর্তা বদলি

এদিকে আজ রোববার অপর এক প্রজ্ঞাপনে পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশ অধিদপ্তরের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।