ভোলার লালমোহন উপজেলায় একটি বসতঘরের খাটের নিচে অবৈধভাবে মজুদ করে রাখা জেলেদের খাদ্য সহায়তার ১ হাজার ১৭০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কিশোরগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চালানো বাড়িটি স্থানীয় মুদিদোকানি জসিম সর্দারের। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই তিনি বাড়ি থেকে পালিয়ে যান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কিশোরগঞ্জ এলাকায় জসিম সর্দারের ঘরে যৌথ অভিযান চালায় লালমোহন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ সময় ঘরের একটি খাটের নিচে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ২৪টি বস্তা এবং ৫০ কেজি ওজনের ৯টি বস্তাভর্তি চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা ৩৯টি বস্তায় মোট চালের পরিমাণ ১ হাজার ১৭০ কেজি। পরে এসব চাল জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, উদ্ধার করা চালগুলো জেলেদের জন্য বরাদ্দ দেওয়া সরকারি খাদ্য সহায়তার অংশ। এগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউএনও আরও জানান, সরকারি নিয়ম অনুযায়ী জেলেদের জন্য বরাদ্দকৃত এই চাল বিক্রি বা ব্যক্তিগতভাবে বিপুল পরিমাণে মজুদ করার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তির কাছে এত পরিমাণ সরকারি চাল থাকার কথা নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএইচএস / বাংলা সংযোগ