সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের দায়ে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওবায়দুল রহমানের সঙ্গে এক নারীর ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেলে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা ও আলোড়নের সৃষ্টি হয়।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ওবায়দুল রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, “ভিডিওটির সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ব্যক্তিবিশেষের ব্যক্তিগত অপকর্মের দায় দল নেবে না। ভবিষ্যতে দলের কেউ এ ধরনের নীতিহীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধেও একই ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুল রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।