বিজ্ঞাপন
আবহাওয়া

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’: তাইওয়ানে ১২৫ ফ্লাইট বাতিল

বাংলা সংযোগ ডেস্ক

Published :
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’: তাইওয়ানে ১২৫ ফ্লাইট বাতিল

ছবি : সংগৃহীত

পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন ‘চাম্পি’ তীব্র বেগে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে দ্বীপরাষ্ট্রটিতে ধ্বংসাত্মক ঝোড়ো হাওয়া, মুষলধারে বৃষ্টি ও প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কায়  বৃহস্পতিবার (২২ অক্টোবর)  স্থলভাগে সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে বাতিল করা হয়েছে অন্তত ১২৫টি ফ্লাইট।

গত বুধবার পর্যন্ত ‘চাম্পি’ এই বছরে পৃথিবীতে আঘাত হানা অন্যতম শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়েছে। এর আগে টাইফুন ‘সিনালাকু’ যে রেকর্ড গড়েছিল, চাম্পির তীব্রতা তার সমকক্ষ বলে জানা গেছে। ঘূর্ণিঝড়টিতে ১ মিনিটের গড় হিসেবে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ মাইল রেকর্ড করা হয়েছে। 

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, সুপার টাইফুন হিসেবে চিহ্নিত চাম্পি কিছুটা দুর্বল হলেও এর কেন্দ্রের  কাছাকাছি বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। বৃহস্পতিবার ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। শুক্রবার (২৩ অক্টোবর) রাতের দিকে এটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল অতিক্রম করে উত্তরের দিকে অগ্রসর হয়ে চীনের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাইফুনের প্রভাবে রাজধানী তাইপেসহ উত্তরের পার্বত্য এলাকাগুলোতে প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় শহরগুলোতে ৬ মিটারের বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘একটু বাড়তি প্রস্তুতি মানে ঝুঁকি কমানো।’ তিনি নাগরিকদের পার্বত্য ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বেশির ভাগই অভ্যন্তরীণ রুটের। তবে রেল যোগাযোগ এখনো স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার খবর পাওয়া যায়নি। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ঝড়ের প্রভাব অন্তত দুদিন স্থায়ী হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, টাইফুন চাম্পি জাপানের সর্বপশ্চিমের জনবসতিপূর্ণ দ্বীপ ওকিনাওয়া প্রিফেকচারের ইয়োনাগুনির ওপর দিয়েও বয়ে যাবে। ঝড়ের আশঙ্কায় জাপান এয়ারলাইনস, এএনএ এবং স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শতাধিক ফ্লাইট বাতিল করেছে। এর ফলে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।

‘চাম্পি’ নামের অর্থ কী
‘চাম্পি’ (Champi) শব্দটি শুনলে কোনো ব্যক্তির নাম মনে হতে পারে। তবে এটি মূলত লাওসের ভাষার একটি শব্দ। লাওসে মোমের মতো গঠনবিশিষ্ট একধরনের সুগন্ধি ফুলকে ‘চাম্পি’ বলা হয়। হংকং অবজারভেটরির ২০২৬ সালের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আন্তর্জাতিক নামকরণের তালিকা অনুযায়ী এই ঝড়ের নাম ‘চাম্পি’ রাখা হয়েছে।