বিজ্ঞাপন
আবহাওয়া

৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস : নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ক্লাইমেট ডেস্ক

Published :
৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস : নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ছবি : সংগৃহীত

আষাঢ়ের শুরু থেকেই দেশের আকাশে মেঘের ঘনঘটা আর বৃষ্টির আনাগোনা চলছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার দেশের অন্তত ৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


শনিবার (২০ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 


এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দমকা হাওয়া ও বৃষ্টির প্রবণতা থাকলেও আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাতক্ষীরায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২২.২ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়াবিদেরা জানিয়েছেন, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় তা মাঝারি অবস্থায় রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশেই বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।