রান পেলেন ব্যাটাররা, কৃতিত্বটা আশরাফুলকেই দিলেন সালাহউদ্দিন
ছবি : সংগৃহীত
মিরপুর টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ৩ উইকেটে ২১৩ রান। সাদমান ইসলাম দাঁড়িয়ে আছেন সেঞ্চুরির ঠিক দুয়ারে, সুযোগ পেয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তাওহিদ হৃদয়ও। দিনটি ব্যাটারদের দাপট দেখানোর হলেও, দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে এলেন সদ্যই দায়িত্ব হারানো ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দলের ব্যাটারদের এই ভালো করার কৃতিত্ব নিজের দিকে না টেনে আগের কোচের কাজকেই সামনে আনলেন বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ শুরুর মাত্র দুদিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় আশরাফুলকে। প্রায় এক বছর এই দায়িত্বে ছিলেন তিনি। তাঁর জায়গায় হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান দেশীয় ক্রিকেটের অভিজ্ঞ কোচ সালাহউদ্দিন। ফলে মিরপুরে প্রথম দিনের খেলা শেষে কোচ বদলের প্রসঙ্গটি ওঠাই ছিল স্বাভাবিক। তবে নতুন দায়িত্ব পাওয়া কোচের কণ্ঠে কৃতিত্ব নেওয়ার কোনো তাড়না ছিল না; বরং আগের কোচের অবদানকে তিনি স্বীকার করলেন অকপটে।
সালাহউদ্দিন মনে করেন, কোচ বদল হলেও দলের কাজের ধারাবাহিকতা বদলে যায় না। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে আসলে খুব বেশি পরিবর্তন হয় না। কারণ, তাদের (ব্যাটারদের) সঙ্গে তো আমার আগে থেকেই যোগাযোগ আছে। আর আগে যারা ছিল বা আশরাফুল ছিল, সব কোচই একটা লেগেসি (ঐতিহ্য) রেখে যায়। সে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছে বলেই হয়তো এই টেস্টে ব্যাটাররা ভালো করছে।’
কোচিংয়ের সাফল্য যে এক দিনের ফল দিয়ে বিচার করা যায় না, সেটিও মনে করিয়ে দিয়েছেন সালাহউদ্দিন। তাঁর মতে, সততার সঙ্গে কাজ করে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশরাফুলের অবদানের কথা আরও স্পষ্টভাবে তুলে ধরে তিনি বলেন, ‘আমার মনে হয়, আশরাফুল এখানে একটা বছর ছিল। ব্যাটসম্যানদের নিয়ে অনেক কাজ করেছে। হয়তো ফল কখনো এসেছে, কখনো আসেনি। হতে পারে সেই ফলটা এখন আসছে। মনে হতে পারে আমি হয়তো এখন মজা নিচ্ছি (কৃতিত্ব নিচ্ছি), আসলে বিষয়টা তা নয়।’
কেন আশরাফুলকে কৃতিত্ব দিতে চান, সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। দায়িত্ব নেওয়ার পর দলের ব্যাটিংয়ে বড় কোনো পরিবর্তন আনার সুযোগ পাননি বলে জানান তিনি। সালাহউদ্দিন বলেন, ‘আমরা তো খুব বেশি সময়ও পাইনি। এখানে আমাদের খুব বেশি বদলানোরও কিছু নেই। আমার মনে হয়, পুরো কৃতিত্বটাই আশরাফুলের। গত এক বছর সে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছে। সে যদি তাদের মানসিক বা অন্য কোনোভাবে সামান্যও সাহায্য করে থাকে, তবে এই কৃতিত্ব তাকেই দেওয়া উচিত।’
মাঠের পারফরম্যান্সও যেন সালাহউদ্দিনের কথারই প্রতিধ্বনি করছে। প্রথম দিনে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সাদমান। ৯৯ রানে অপরাজিত থেকে আজ ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় মাঠে নামবেন এই বাঁহাতি ওপেনার। মুশফিকুর রহিমের চোটে একাদশে সুযোগ পাওয়া হৃদয়ও ৮৪ বলে ৪২ রান করে দলের ভিত গড়ে দিয়েছেন। যদিও পায়ের পেশিতে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে।
দিন শেষে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের প্রশংসা যেমন প্রাপ্য, তেমনি সেই সাফল্যের পেছনে যে বিদায়ী কোচের নীরব শ্রমও মিশে আছে সালাহউদ্দিনের কথায় মিরপুরে সেটিই যেন স্পষ্ট হলো।


