পাকিস্তানের বিপক্ষে একাদশে সুকি ও রহমত, দুই পরিবর্তনে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ দল। ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার অপেক্ষা ঘোচানোর লক্ষ্যে এই ম্যাচে লড়বে তারা।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গুরুতর চোটে পড়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের রাইটব্যাক সাদউদ্দিন। তাঁর জায়গায় আজকের একাদশে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়া। এ ছাড়া গতকাল শুক্রবার অনুশীলন সেশনে চোট পাওয়ায় একাদশে নেই ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। তাঁর পরিবর্তে মূল একাদশে খেলছেন জাপান বংশোদ্ভূত ফুটবলার সুকি ইতোফুসা।
প্রতিপক্ষ পাকিস্তানও শক্তি বাড়িয়ে সেমিফাইনালে নামছে। সেরা চার নিশ্চিত হওয়ার পর দলটি আরও পাঁচজন বংশোদ্ভূত ফুটবলারকে ঢাকায় উড়িয়ে এনেছে। আবদুল্লাহ ইকবাল, ইসা সুলেমান, আলী আকবর খান, আদিন নবী ও আবদুল সামাদ শাহর অন্তর্ভুক্তি পাকিস্তান দলকে আরও শক্তিশালী করেছে।
গ্রুপ পর্বের পারফরম্যান্সে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচে ৫ গোল করার পাশাপাশি এখনো কোনো গোল হজম করেনি দলটি। অন্যদিকে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। ভারতের কাছে ৩-২ ব্যবধানে হারলেও মালদ্বীপকে ৩-০ ব্যবধানে পরাজিত করে শেষ চারের টিকিট নিশ্চিত করে তারা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, কাজেম শাহ, হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও সুকি ইতোফুসা।
পোস্টে লাগল পাকিস্তানের শট
৩০ মিনিটের সময় কুলিং ব্রেক দিয়েছিলেন রেফারি। এরপর থেকে পাকিস্তান আক্রমণে উঠছে বেশ ভালোভাবেই। তারিক কাজী মার্কিংটা ঠিকঠাক করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে শট করেছিলেন আব্দুস সামাদ। তবে তা লেগেছে পোস্টে।
দুই কোচ কী বললেন
ম্যাচের আগে সম্প্রচারকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কোচ টমাস ঢুলি। তিনি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপটা ব্যর্থতায় কাটলেও তারা সেখান থেকে অনেক কিছু শিখেছেন। দলের ভেতর ভালো উদ্দীপনা আছে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলা। সাদ উদ্দিনকে চোটের কারণে হারানো নিয়েও আফসোস ছিল তাঁর কণ্ঠে।
কথা বলেছেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। তিনি জানিয়েছেন, আজকে খুব কঠিন একটা পরীক্ষা হবে। খুব ভালো একটা পরিবেশ আছে ম্যাচের আগে। প্রস্তুতিটাও তাদের ভালো হয়েছে। আজকে ম্যাচের সময় তারা কেমন করেন, সেটি দেখতেও মুখিয়ে আছেন।
ভিএআর
একটু মনে করিয়ে দেওয়া, এই ম্যাচে কিন্তু ভিএআর (ভিডিও অ্যাসিস্টন্যান্ট রেফারি) আছে। ঢাকার মাঠে আজ বিকেলেই ভিএআরের অভিষেক হয়েছে ভারত–ভুটানের প্রথম সেমিফাইনালে। বাংলাদেশের ম্যাচেও তা থাকবে। একটু বুঝেশুনেই তাই উদ্যাপন করতে হবে। রেফারির দেওয়া সিদ্ধান্ত বদলে যেতে পারে ভিএআরে।
ওয়ার্ম আপ
ম্যাচের জন্য তৈরি হচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। হামজা–ফারহান আলীদের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


