নির্লিপ্ত প্রেম
প্রতীকী ছবি/ গ্রাফিক্স : বাংলা সংযোগ
এটি একটি কবিতা হতে পারত নির্জলা প্রেমের
দিগন্তপ্রসারী অন্তহীনের;
হাজারো পুরুষের হৃদয়ভেদী সলজ্জ হাসির মতো
রমণীর ঠোঁটের বাঁকে পেত স্থান অনন্তকাল।
এটি একটি গল্প হতে পারত জীবন্ত প্রেমের
দুর্ভেদ্য গহিনের;
পড়ন্ত বিকেলে দিকভ্রান্ত ছুটে চলা সুবর্ণ মেঘের মতো
রমণীমনে পেত স্থান নিত্যোপকরণ।
এটি একটি উপন্যাস হতে পারত রহস্যঘেরা প্রেমের
পদচিহ্নহীন পাহাড়ের;
স্থান পেত কোনো এক রমণীর কোমল হাতে, হতো—
জানালার রোদে কোমলস্পর্শী এলোকেশ ছড়িয়ে পিঠে
রমণীর একাকিত্বের লব্ধি চোখের জ্ঞান শাপমোচন।
কিছুই হয়নি আজও, লিখতে পারিনি সেই রমণীর গান,
দূরত্ব থেকে দূরত্ব বেড়েই চলেছে বিচূর্ণ পথে অন্তহীন।
কবি : জাহিদ প্রবল
প্রভাষক (বাংলা), চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা