স্ত্রী-কন্যার পর্নো ভিডিও আন্তর্জাতিক সাইটে বিক্রি করতো নরসিংদীর গিয়াস উদ্দিন
নরসিংদীর পর্নোগ্রাফি চক্রের হোতা গিয়াস উদ্দিন | ছবি : সংগৃহীত
নিজ স্ত্রী, মেয়ে ও অন্যান্য স্বজনের পর্নো ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নো সাইটে বিক্রির অভিযোগে নরসিংদীতে গিয়াস উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে তিনি তাঁর স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনির নগ্ন ভিডিও তৈরি করতেন। পরে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন। গোয়েন্দা সংস্থা তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে।
প্রশাসনের নজরদারি এড়াতে গিয়াস উদ্দিনের পরিবার ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তাঁরা পাইকসা এলাকার এক ব্যক্তির নবনির্মিত ভবনে বাসা বদল করেন। গোপন সূত্রে বাসা বদলের এ খবর পাওয়ার পর এনএসআইয়ের একটি দল তাঁদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করে। পরে পলাশ থানা-পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অভিযানে অভিযুক্ত মূল হোতাকে আটক করা সম্ভব হয়েছে এবং ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত নানা সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আটক ব্যক্তির মুঠোফোনে পর্নোগ্রাফির আলামত পাওয়া গেছে। এই জঘন্য অপরাধের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


