ইসলামপুরে শুভ দীপাবলি উদযাপন
জামালপুরের ইসলামপুরে শুভ দীপাবলি উপলক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্বালন, নামসংকীর্তন, আলোকসজ্জা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ইসলামপুর কেন্দ্রীয় পৌর শ্মশানঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শ্মশানঘাট প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে নামসংকীর্তন এবং প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। পরে উপস্থিত ভক্ত ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, কেন্দ্রীয় পৌর শ্মশান পরিচালনা কমিটির সভাপতি প্রণব পোদ্দার, সাধারণ সম্পাদক তুষার দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের ইসলামপুর উপজেলা শাখার আহ্বায়ক মহাদেব মোহন্ত।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পৌর শ্মশান পরিচালনা কমিটির সহসভাপতি সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক সুধাংশু দাস, কোষাধ্যক্ষ আকাশ পোদ্দার, প্রচার সম্পাদক গোপীনাথ মোদক, লিটন মৃধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও শ্রদ্ধার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শ্মশানঘাট এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


