বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবহাওয়া

সকালে ঘন কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তবুও রাজধানীতে দেখা নেই শীতের

লামিয়া তমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Published :
সকালে ঘন কুয়াশা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তবুও রাজধানীতে দেখা নেই শীতের

ছবি : সংগৃহীত

অগ্রহায়ণের শুরুতেই রাজধানী ঢাকার প্রকৃতিতে দেখা দিয়েছে এক অদ্ভুত বৈপরীত্য। আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার চাদর আর সাথে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিলেছে। আপাতদৃষ্টিতে পরিবেশটা পুরোপুরি শীতকালের মতো মনে হলেও বাস্তবে মিলছে না শীতের কোনো আভাস। বরং কয়েকদিন ধরেই সকালে এমন ঘন কুয়াশা থাকলেও বাতাসে শীতল আমেজের বদলে অনুভূত হচ্ছে ভ্যাপসা ভাব।

সকাল থেকে রাজধানীর উত্তরা, মিরপুর, বাড্ডা, রামপুরা, ধানমন্ডি, মতিঝিল ও পুরান ঢাকাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সূর্য ওঠার পরেও চারপাশ কুয়াশাচ্ছন্ন। তার সঙ্গে যুক্ত হয়েছে থেমে থেমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দৃশ্যমানতা কম থাকায় সকালের দিকে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। তবে গায়ে ভারী শীতের পোশাক চাপানোর মতো ঠান্ডা এখনো পড়েনি; বরং হালকা বাতাস ও আর্দ্রতার কারণে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি।

রাজধানীর এমন ব্যতিক্রমী আবহাওয়া নিয়ে কথা হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে। তাদের সবার কণ্ঠেই ছিল একই সুর কুয়াশা থাকলেও শীতের দেখা নেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সাতসকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া এক বেসরকারি চাকরিজীবী বলেন, “গত কয়েকদিন ধরেই সকালে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা। আজ আবার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। দেখে মনে হয় বেশ কনকনে শীত পড়েছে, কিন্তু বাইরে বের হলেই বোঝা যায় ঠান্ডার কোনো নামগন্ধ নেই। উল্টো হালকা গরম আর ঘামের মতো অস্বস্তি লাগছে।”

আফতাবনগর এলাকায় কথা হয় এক রিকশাচালকের সাথে। তিনি জানান, “ভোর থেকে কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যায় না। এর ওপর হালকা বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে আছে। মানুষ ভাবছে শীত পড়েছে, কিন্তু আমাদের রিকশা চালাতে গিয়ে ঠিকই ঘাম ঝরছে। আগের বছরগুলোতে এ সময়ে সকালে বেশ ঠান্ডা বাতাস থাকত, এবার এখনো তেমন শীত পাওয়া যাচ্ছে না।”

সকালের চা-দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও জানালেন একই অভিজ্ঞতার কথা। এক চা বিক্রেতা বলেন, “সকালে কুয়াশা দেখে অনেকে মনে করেন চায়ের দোকানে গরম চায়ের ভিড় জমবে, কিংবা মানুষ শীতের কাপড় পরে বের হবে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও শীতের কোনো আমেজই টের পাওয়া যাচ্ছে না।”

বিশ্ববিদ্যালয়গামী এক শিক্ষার্থী জানান, আবহাওয়ার এই ধরন বোঝা বেশ মুশকিল হয়ে পড়েছে। সকালে কুয়াশা ও বৃষ্টি দেখে অনেকেই জ্যাকেট বা চাদর পরে বের হয়েছেন, কিন্তু কিছুক্ষণ হাঁটাচলা করার পরই গরম লাগায় তা খুলে হাতে নিতে বাধ্য হচ্ছেন।

সব মিলিয়ে, সকালের ঘন কুয়াশা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজধানীতে কিছুটা ভোগান্তি ও যানজট তৈরি হলেও এখনো প্রকৃতিতে আসল শীতের পরশ লাগেনি। নগরবাসীর প্রত্যাশা, আকাশ পরিষ্কার হয়ে উত্তুরে হাওয়া বইতে শুরু করলে শিগগিরই কাঙ্ক্ষিত শীতের আমেজ ফিরে আসবে।