বিজ্ঞাপন
মহাপ্রয়াণ

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

ডিজিটাল ডেস্ক

Published :
সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

ছবি : বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনের সাবেক কমান্ডার এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোশারফ হোসেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সম্মুখ সমরে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিএলএফ-এর গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই রাজনীতিবিদের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল বারাকাত দুলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ।

জেএসডি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমলনগর ও রামগতি প্রেস ক্লাবের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে। বক্তারা বলেন, মোশারফ হোসেনের মৃত্যুতে লক্ষ্মীপুরবাসী একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ অভিভাবককে হারালো।


এলটি/বাংলা সংযোগ