স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুটি ইউনিয়নের নাম পরিবর্তন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৯ জুন ) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে মৌখিকভাবে নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত নির্দেশনা জেলা প্রশাসনে পৌঁছায়নি।


জেলা প্রশাসক বলেন, 'প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তন করতে বলেছেন। চিঠি হয়তো আসবে, তবে তাঁর মৌখিক নির্দেশনা পেয়েছি বলে আমরা প্রক্রিয়া শুরু করব।' 
নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। 


গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম রাখা হয় 'মীরবাড়ী' এবং মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম দেওয়া হয় 'সীমান্ত', 'দিগন্ত' ও 'স্বর্ণগ্রাম'।


এরপরই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম অনুসরণ করে রাখা হয়েছে 'মীরবাড়ী'। আর তাঁর বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলিয়ে নামকরণ করা হয়েছে 'সীমান্ত' ও 'দিগন্ত' ইউনিয়নের। চারটি ইউনিয়নের মধ্যে এই তিনটি নাম নিয়েই মূলত বিতর্ক তৈরি হয়েছে।