হাসপাতাল ও মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ
ছবি : সংগৃহীত
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বই তিনটির নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলো হলো - ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’। জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত এই বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, রাজধানীর বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা গত ২৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়। চিঠির সূত্র হিসেবে ওই পত্রের কথা উল্লেখ করে বলা হয়েছে, প্রকাশনা প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে - স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারকেও (নিমিউ অ্যান্ড টিসি) চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।