বিজ্ঞাপন
জাতীয়

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, জাপান সফরে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে পারস্পরিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তি আরও শক্তিশালী করা এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার ধারাবাহিকতায় জাপানের সঙ্গেও বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে দেখা হবে। নির্দিষ্ট খাতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার।

জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দেশটির অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি বড় প্রকল্প দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি সংকট ও সরবরাহের স্থিতিশীলতা নিয়ে আয়োজিত একটি অনলাইন সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, ওই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ জাপান সরকারের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।

আসন্ন সফরে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, সৌদি আরবের যুবরাজ প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীও সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুই পক্ষের সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।