নভেম্বরে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে আগামী ৭ নভেম্বর রাজধানীতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলার মাঠে সকাল ১১টায় এ সমাবেশ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত এক নোটিশে সমাবেশের এ তথ্য জানানো হয়।
সমাবেশ সফল করতে আগামী ১৩ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি ও চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি জানিয়ে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। তাদের দাবির তালিকায় রয়েছে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, নতুন বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন সুবিধা, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, অবসরের সময় এককালীন আর্থিক সহায়তা, বকেয়া পাওনা পরিশোধ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা।
ইউনিয়ন পরিষদ পর্যায়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা, রাতে পাহারা দেওয়া, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা এবং প্রশাসনিক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রাম পুলিশ সদস্যরা। জাতীয় সমাবেশে তাদের দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।