ঢাকায় একদিনে চার স্থানে ককটেল বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে আহত ১
রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে এক দিনেই কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর থেকে রাত আটটার মধ্যে এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। পুলিশ বলছে, দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
যাত্রাবাড়ী
পুলিশ জানায়, আজ শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ রাজু বলেন, ‘বিস্ফোরণে আহত রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।’
মহাখালী ও আগারগাঁও
যাত্রাবাড়ীর ঘটনার আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহাখালী ফ্লাইওভার এবং আগারগাঁও বেতার ভবনের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক জানান, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেলটি ছোড়া হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে কে বা কারা এটি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
অন্যদিকে, শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মালিবাগ
আজ দিনের প্রথম বিস্ফোরণের ঘটনাটি ঘটে দুপুরে। জুমার নামাজের পরপরই মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচে ককটেলগুলো ছোড়া হয়েছে। জড়িতদের শনাক্ত করতে ফ্লাইওভারের প্রবেশমুখের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
গত মঙ্গলবারও সুপ্রিম কোর্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই দিন জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায়ের কয়েক ঘণ্টার মাথায় সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি এবং রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।