ঢাকায় ভোরের ঝোড়ো হাওয়ার পর তুমুল বৃষ্টি
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মেনেই রোববার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় তুমুল বৃষ্টি হয়েছে। বৃষ্টির আগে বয়ে যায় ঝোড়ো হাওয়া, সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর রামপুরাসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর ঝোড়ো বাতাস অনেকটা থেমে এলেও কিছু সময় পরপরই বজ্রপাত হতে দেখা যায়।
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে বলা হয়েছিল, রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলেও জানানো হয়েছিল।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মধ্যরাতের আগের ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।