বিজ্ঞাপন
জাতীয়

আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

নিজস্ব প্রতিবেদক

Last Update :
Published :
আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

নিজের ব্যবহৃত আইফোনটি দিতে রাজি হয়নি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। আর এ কারণেই তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই রোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। নিখোঁজের এক দিন পর গতকাল শনিবার বেলা একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সানন্দা এলাকার একটি পাহাড়ি স্থান থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হত্যার রহস্য উদ্‌ঘাটনে নেমে পুলিশ প্রথমে সন্দেহভাজন হিসেবে তুহিন নামের একজনকে হেফাজতে নেয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মুখ খোলে এবং ফাহাদের নাম বলে। পরে ফাহাদকে হেফাজতে নেওয়া হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল নামের আরেকজনের সম্পৃক্ততার কথা জানা যায়। পরে তুহিনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে তুহিনের ঘরের বিছানার তোশকের নিচ থেকে অপ্রতিমের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই মূলত অপ্রতিমকে সানন্দা এলাকার ওই পাহাড়ি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তুহিন তার কাছে ফোনটি দাবি করে। কিন্তু অপ্রতিম তা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় সজোরে আঘাত করে তুহিনসহ অন্যরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা তিনটার দিকে বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

আজ রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে বাড়ির কাছেই গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। অপ্রতিমের পৈতৃক নিবাস কুষ্টিয়ায় এবং নানাবাড়ি চাঁদপুরে হলেও পরিবারের ইচ্ছায় তার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত গন্ধমতির বাড়ির পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এদিকে, শিক্ষক-পুত্রের এমন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোটবাড়ী বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা শহরে কোনো মানুষই এখন নিরাপদ নয়। তাঁরা অবিলম্বে ঘাতকদের ফাঁসির পাশাপাশি শহরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।