জামায়াত থেকে বহিস্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার প্রকৃত কারণ ও আলামত সংগ্রহের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে সেখানে ডাকা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের বলেন, ‘মরদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
নিহত মরিয়ম খাতুন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম।
তবে কিছুদিন আগে ইন্টারনেটে এই সংসদ সদস্যের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে সমালোচনার জবাবে এমপি গাজী নজরুল দাবি করেন, ভিডিওর ওই তরুণী তাঁর বিবাহিত দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন।
এই ঘটনার জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে গত ২২ জুলাই এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে দলটির পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছিল।
বহিষ্কার ও বিতর্কের সেই রেশ কাটতে না কাটতেই এবার ন্যাম ভবনে এমপির ওই দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।