বিজ্ঞাপন
ধর্ম ও জীবন

ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
ময়মনসিংহে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

ছবি : বাংলা সংযোগ

ময়মনসিংহ সদর উপজেলার একটি সার্বজনীন পূজা মন্দিরের তালা ভেঙে দুটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৯ জুন) ভোরে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই ঘটনার পর থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ কাহনিয়া গ্রামে ৩০ থেকে ৩৫টি সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করে। গ্রামের দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে দীর্ঘ প্রায় ৩৭ বছর ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। আজ সোমবার ভোর আনুমানিক পৌনে ছয়টার দিকে লুঙ্গি ও গেঞ্জি পরিহিত ২৫ থেকে ৩০ বছর বয়সী এক যুবক মন্দিরের সামনে আসেন। তিনি প্রথমে একটি বাঁশ এবং পরে ইট দিয়ে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী কল্পনা রানী সিংহ বলেন, “আজ ভোরে পূজার জন্য আমাদের বাড়ির ছাদবাগান থেকে ফুল তুলছিলাম। এ সময় হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটি শব্দ শুনতে পাই। সন্দেহ হলে তাকিয়ে দেখি, এক যুবক মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। বিষয়টি বুঝতে পেরে আমি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকে। এ সময় ওই যুবক তড়িঘড়ি করে মন্দিরের ভেতরে থাকা প্রতিমা ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা মন্দিরে গিয়ে দেখি প্রতিমা ও মন্দিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।”

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন চন্দ্র দত্ত বলেন, চিৎকার শুনে তাঁরা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে ছুটে গেলেও ততক্ষণে ওই যুবক পালিয়ে যায়। তিনি বলেন, “ওই যুবককে আমরা কেউ চিনতে পারিনি। তাকে স্থানীয় বাসিন্দা বলেও মনে হয়নি। মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। আমরা আশা করছি, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শরীফুজ্জামান টিটু / এলটি / বাংলা সংযোগ